‘সিকান্দার বক্স’ কি? সেটা হয়তো কারও অজানা নয়। স্যাটেলাইট চ্যানেল
বাংলাভিশনে প্রচার হওয়া সে নাটকের জনপ্রিয়তা যেকোনো উচ্চতায় চলে গেছে তাও
সবাই জানেন। একটানা সিক্যুয়ালের এ নাটকটি গত কয়েক বছর ধরেই চলে আসছিল। যে
কারণে নির্মাতা সাগর জাহান চমকে ভরা নাটকটি নির্মাণ বন্ধ করে ভাবনায় যোগ
করলেন নতুন মাত্রা। গত কোরবানির ঈদেই ছিল সিকান্দার বক্স-এর শেষ পর্ব।
এরপরই নতুন আরেকটি নাটক নির্মাণের প্রস্তুতি শুরু হয়। সিকান্দার বক্স-এর
পরিবর্তে আসছে ‘অ্যাভারেজ আসলাম’। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমই যথারীতি
‘অ্যাভারেজ আসলাম’-এর চরিত্রে রূপ দিচ্ছেন। তার সঙ্গে থাকছেন আরেক চমক
মোনালিসা। যিনি আমেরিকায় পাড়ি জমানোর আগে সর্বশেষ সিকান্দার বক্স-এ কাজ
করেছিলেন। দেশে এসে সিকান্দার বক্সকে না পেলেও পেয়েছেন অ্যাভারেজ আসলামকে।
এরই মধ্যে ছয় পর্বের এ ধারাবাহিকটির নির্মাণ কাজ শুরু হয়ে গেছে। আজ পুরনো
ঢাকার বিভিন্ন জায়গায় এর শুটিং চলছে বলে নির্মাতা সাগর জাহান জানিয়েছেন।
মূলত এ এলাকা নিয়েই নাটকটির গল্প গড়ে উঠেছে। গল্প ও চরিত্র প্রসঙ্গে
জনপ্রিয় এ নির্মাতা জানান, অ্যাভারেজ আসলাম নাটকের ‘আসলাম’ এমন একটি
চরিত্র, যার জ্ঞানের পরিধি কম, যার কোথাও জোর গলায় কথা বলার ক্ষমতা নেই
কিন্তু এমন ভাব নিয়ে পাড়ায় চলাফেরা করেন যেন ইচ্ছা করলে অনেক কিছুই পারেন।
পেছনে পাড়ার সবাই তাকে নিয়ে মজা করেন। এমনকি নিজ পরিবারেও তার অবস্থান
এমনই। সবাই তাকে একজন ‘অ্যাভারেজ’ মানুষ হিসেবেই বলে থাকেন। মোশাররফ
করিম-মোনালিসা ছাড়া এ নাটকে আরও অভিনয় করছেন জেনি, মুনিরা মিঠু, শামীমা
নাজনীন, ফারুক আহমেদ, সাজু খাদেম, মারজুক রাসেল, কচি খন্দকার ও নাজমুল
হুদা।
info: Manab Zamin
No comments:
Post a Comment