পরীক্ষামূলকভাবে নতুন এক টাচস্ক্রিন উন্মোচন করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। নামে টাচস্ক্রিন হলে এটি ব্যবহারে দরকার হবে না কোনো স্পর্শের।
ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, প্রতিষ্ঠানটির একটি গবেষক দল নিজস্ব ল্যাবে তৈরি করেছে বিশেষ ধরনের এই টাচস্ক্রিন। ডিসপ্লের সামনে এবং পাশে ব্যবহার করা হয়েছে একটি সেন্সর বিন্যাস যা স্মার্টফোনের আশপাশে হাত বা আঙ্গুল শনাক্ত করতে সক্ষম।
প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে দেখানো হয় কীভাবে নতুন এই ফিচার কাজ করবে। উদাহরণ হিসেবে দেখানো হয়, কোনো ভিডিও চলার সময় ফোনটি ধরলে বা ডিসপ্লে স্পর্শ করতে গেলে ভেসে উঠবে ভিডিও থামানো, দ্রুত বা ধীরে চালানো কিংবা বন্ধ করার অপশনগুলো। আবার ফোন থেকে আঙ্গুল দূরে সরিয়ে নিলেই মিলিয়ে যাবে তা। সেন্সরগুলো কাজ করবে মাল্টিটাচ-এর ক্ষেত্রেও। এক আঙ্গুল দিয়ে কোনো ফাইল স্পর্শ করলে, অন্য কোনো আঙ্গুল যা ডিসপ্লের কাছাকাছি রয়েছে তার নিচে ভেসে উঠবে দ্বিতীয় মেনু, যেখান থেকে ফাইলটি খোলা, শেয়ার বা মুছে দেওয়া যাবে।
মূলত ব্যপারটা অ্যাপল নির্মিত আইফোনের 'ফোর্স টাচের’ মতো হলেও অনেক বেশি ভবিষ্যৎমুখী। তবে, খুব শীঘ্রই এই প্রযুক্তি বাজারে আসার সম্ভাবনা নেই। মার্কিন সংবাদ সাইট ভার্জ-এর ২০১৪ সালের প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফটের ইচ্ছা ছিল এই প্রযুক্তি তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোতে নিয়ে আসার কিন্তু ডেভেলপাররা ফিচার উপযোগী অ্যাপ তৈরিতে ব্যর্থ হওয়ায় বাতিল করা হয় তা।
মাইক্রোসফট ইতোমধ্যেই তাদের 'ব্যর্থ' লুমিয়া সিরিজ থেকে প্রায় সরে দাঁড়িয়েছে। গুজব রয়েছে সামনের বছরে হয়ত তারা 'সারফেইস ফোন' নিয়ে হাজির হবে। ততদিন পর্যন্ত ভিডিও দেখেই সন্তুষ্ট থাকতে হচ্ছে প্রযুক্তি বিশ্বকে।info:bdnews24.com
No comments:
Post a Comment